আড়াইহাজারে চোর আখ্যা দিয়ে তিন কিশোরকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে তিন কিশোরকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

নির্যাতনের শিকার কিশোররা হলো, উপজেলার কাইমপুর এলাকার আবদুলের ছেলে রাসেল (১৫), হাতেমের ছেলে নবী হোসেন (১৭) ও উচিৎপুরা এলাকার মানিকের ছেলে সোহাগ (১৬)। আটক ব্যক্তি হলেন, স্থানীয় নোয়াপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী সামছুর রহমানের ছেলে জয়নাল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর এলাকায় চায়ের দোকানদার নজু ও হোটেল ব্যবসায়ী জয়নাল চুরির অভিযোগে ওই তিন কিশোরকে আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। এক পর্যায় তাদের মাথার চুল কেটে এলাকায় ঘোরানো হয়। পরে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাম্প্রতিক সময়ে নজুর দোকান থেকে ১২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায়ই এই তিন কিশোরকে সন্দেহ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জয়নাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কেউ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।