আড়াইহাজারে ছাত্রদল নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের এক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে উপজেলার সরকারি সফর আলী কলেজে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ছাত্রদলের নেতা মেহেদী হাসানকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেদী হাসান জানান, তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও দলিল লেখক। সোমবার দুপুরে প্রতিদিনের মতো তিনি আড়াইহাজার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তাঁর চেম্বারে বসে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি সফর আলী কলেজের ভিপি শরীফুল ইসলাম ও জিএস সুমনের নেতৃত্বে ছাত্রলীগের ৭০-৮০ জন নেতা-কর্মী চেম্বারে হামলা চালান এবং তাঁকে মারধর শুরু করেন। তাঁরা তাঁকে মারতে মারতে টেনেহিঁচড়ে কলেজের ভেতরে নিয়ে যান। সেখানে হকিস্টিক দিয়ে পেটান। এতে তাঁর ডান হাত ও ডান পা ভেঙে যায়।

শরীফুল বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীরা মেহেদী হাসানকে মারধর করেছেন। এখানে তিনি বা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন।