আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, কলেজছাত্র নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় নাজমুল হাসান নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
নিহত নাজমুল (১৭) নয়নাবাদ গ্রামের জহিরের ছেলে। সে হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে গত সোমবার বিকেলে জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এই নিয়ে গতকাল সকালে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে দা, ছুরি, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে নয়নাবাদ চকে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় নয়নাবাদ গ্রামের বাসিন্দারা পিছু হটলে বাহেরচরের লোকজন তাদের গ্রামে ঢুকে অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে নাছির, ইকবাল, আছিয়া, নাজমুল, ডালিম, আলামিন, রুহুল মোক্তারসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হন। তাঁদের আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিকেলে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ওই কলেজছাত্র নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি।