আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও, টেকপাড়া ও পুরিন্দা এলাকায় এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিরা হলেন গুলবক্স (৩৫), বাকীর হাজি (৪৫), রহিজউদ্দিন (৫৫) ও লতিফ (৪৫)। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজের পর সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল ও তাঁর একদল সহযোগী নোয়াগাঁও মধ্যপাড়ার শরীফকে (১৮) চাপাতি দিয়ে কুপিয়ে ও ফয়সালকে (১৭) পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন শরীফ ও ফয়সালের পক্ষের লোকজন প্রতিপক্ষের লতিফকে (৪৫) পিটিয়ে আহত করে। এ ঘটনায় সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ মাহমুদ গতকাল সোমবার নোয়াগাঁও টাওয়ার এলাকায় সালিস বসানোর প্রস্তুতি নেন। বেলা ১১টার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল এতে বাধা দেন। তিনি পাশের একটি বাগানে সালিস বসানোর প্রস্তাব দেন। এ নিয়ে অদুদ ও জয়নালের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের শত শত লোক লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউপি চেয়ারম্যান অদুদ কাছে অভিযোগ করেন, জয়নালের নেতৃত্বে তাঁর লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় একটি ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে জয়নাল বলেন, অদুদ চেয়ারম্যানের চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুলের নেতৃত্বে নোয়াগাঁও ও টেকপাড়া এলাকায় একদল লোক মহড়া দেয় এবং সালিস পণ্ড করে দেয়। এ ছাড়া তারা নোয়াগাঁও এলাকার পুরুরা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করে।

সন্ধ্যা ছয়টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দেয়নি।