আড়াইহাজারে দুজনকে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের মজ্জাকান্দা ও চৈতনকান্দা এলাকায় দুজনকে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার ওই সব হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আড়াইহাজার পৌরসভার মজ্জাকান্দা গ্রামের ওমর ফারুক (২৮) ও চৈতনকান্দা গ্রামের কৃষক হিরণ (৫০)।
পুলিশ জানায়, মঙ্গলবার বাড়ির ওপর দিয়ে বৃষ্টির পানি নামাকে কেন্দ্র করে মজ্জাকান্দা গ্রামে জুয়েলসহ তাঁর পক্ষের কয়েকজনের সঙ্গে ওমর ফারুকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওমর ফারুকসহ তাঁর পক্ষের চারজনকে জুয়েল ও তাঁর সহযোগীরা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ওমর ফারুক মারা যান। একই দিন বাড়ির ওপর দিয়ে বৃষ্টির পানি নামাকে কেন্দ্র করে চৈতনকান্দা গ্রামের হিরণ নামে এক কৃষকের সঙ্গে প্রতিবেশী নুর নবী ও আগর চানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুজন হিরণকে শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হিরণ মারা যান।