আড়াইহাজারে পৃথক সংঘর্ষে আহত ১৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন স্থানে গত বুধ ও শুক্রবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যুবলীগের নেতাসহ কমপক্ষে ১৮ জন আহত হন। সংঘর্ষের সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে শহিদুল্লাহর নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ বাবুল হোসেন ও তাঁর লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তাঁদের মধ্যে মনির, মোমেন ও রমজানকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধ নিয়ে তাতুয়াকান্দা এলাকার সাইফুল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবের মধ্যে তর্কবিতর্ক ও পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে যুবলীগের নেতা মাহাবুবকে (৩৫) গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। আহত মুকুল (৩২), লতিফ (৪২), আজগর (৪৫), বাবুল (২৮), মাহাবুব (২৭) ও অলিউল্লাহকে (৩৫) ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের সময় লতিফ, আজগর ও অলিউল্লাহর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ওয়েছকরনী (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে আড়াইহাজার গ্রামে পাওনা টাকা চাওয়ায় এলাকার মামুনের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাখাল বিশ্বাস (৩৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রিকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুটি ঘটনায় মামলা হয়েছে। রাখাল বিশ্বাসকে আহত করার ঘটনায় এখনো কেউ মামলা করেনি।