আড়াইহাজারে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ৬২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চোরের দল বিদ্যালয়টির কার্যালয়ের দরজার তালা ভেঙে চুরি করে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মবিনুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে ছুটির পর বিদ্যালয় তালাবদ্ধ করে চলে যান তিনি। গতকাল সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী আম্বর আলী তাঁকে (মবিনুল) মুঠোফোনে চুরির ঘটনাটি জানান। পরে বিদ্যালয়ের কার্যালয়ের ভেতরে ঢুকে তিনি দেখেন স্টিলের আলমারি ভেঙে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন ও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাদিমুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অভিযোগ দিয়েছেন বলে ওসি সাখাওয়াত হোসেন জানান।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুলাল পাঠান বলেন, এর আগেও এ বিদ্যালয়ে একদল চোর একই কায়দায় চুরি করে। এরপর কয়েকজন চোরকে পুলিশ আটক করে। চুরির মালামাল ফেরত দিলে চোরদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।