আড়াইহাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নদী বেষ্টিত কালা পাহাড়িয়া মধ্যারচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সুজন (৩৫)। তিনি কালা পাহাড়িয়া মধ্যারচর গ্রামের আবুল হাসেমের ছেলে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার কালা পাহাড়িয়া মধ্যারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরা নিয়ে ওই এলাকার মো. সুজনের সঙ্গে একই এলাকার হজরত আলীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে হজরত আলী ও তার ছেলে স্বপন, কবির, বাবুল ও জজ মিয়াসহ তাঁদের লোকজন সুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুপক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা জড়িয়ে পড়েন। এতে সুজন নিহত হন। আহত হয় নিহত সুজনের ভাই বাবুল, শফিকুল, হাসান, চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লিটন, আছমা, হজরত আলী, আবুল হাসানসহ ১০ জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব হোসেন বলেন, মাথায় ধারালো অস্ত্রের আঘাত পেয়ে ও টেটা বিদ্ধ হয়ে সুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’