আড়াইহাজারে সাক্ষীকে ফাঁসাতে গিয়ে আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলার এক সাক্ষীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই মামলারই আসামি ইজ্জত আলী। গত বুধবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে শরীফপুর থানা-পুলিশের সোর্স (তথ্যদাতা) খায়রুদ্দিনের সহযোগিতায় একই এলাকার আকাব্বরের (৫৫) ঘরে ইয়াবা বড়ি আছে বলে পুলিশকে খবর দেন ইজ্জত আলী। পরে আকাব্বরের ঘর থেকে একটি প্যাকেটে থাকা ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার ও তাঁকে আটক করে পুলিশ। ২০১০ সালে একই এলাকার ওহেদ শরীফের ছেলে মামুনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

পরে মামুনের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় ইজ্জত আলী ও তাঁর চার ভাইয়ের নামে হত্যা মামলা করেন। আকাব্বর ও তাঁর ছেলেমেয়ে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। 

এ ঘটনায় শরীফপুর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিষয়টি পুলিশকে খুলে বলেন। পরে পুলিশ রাতেই অভিযান
চালিয়ে ইজ্জত আলীকে গ্রেপ্তার করে। খায়রুদ্দিন কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ইজ্জত আলী কৌশলে আকাব্বরের ঘরে মাদক রেখে পুলিশকে খবর দেন বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।