আড়াইহাজারে সালিসে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমির সীমানার বিরোধ নিয়ে সালিস বৈঠকে আবদুল বাতেন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, সুলপান্দী গ্রামে বাড়ির সীমানা নিয়ে এলাকার আবদুল বাতেনের সঙ্গে আবদুল আজিজের ছেলে জামালউদ্দিন, ইয়ানুছ ও আলমগীরের বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিস হলেও মীমাংসা হয়নি। গতকাল দুপুরে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খোকনের আহ্বানে এলাকার ইব্রাহিমের বাড়িতে উভয় পক্ষের লোকজনকে নিয়ে আবারও সালিস বসে। সালিসের একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জামালউদ্দিনদের পক্ষের মিছির আলীর ছেলে মহিবুর রহমানসহ কয়েকজন লাঠি দিয়ে বাতেনের মাথায় সজোরে আঘাত করেন। বাতেন মাটিতে পড়ে যান। তাঁর নাক-কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। লোকজন বাতেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ জামালউদ্দিন ও ইউনুছকে আটক করে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই বাতেনের মৃত্যু হয়েছে।

বাতেনের ভাই জুলহাস বলেন, ‘গ্রাম্য সালিসে বিচারের নামে পরিকল্পিতভাবেই আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, হত্যার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।