আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রী এলাকার একটি বাড়িতে প্রাইভেট পড়ে নিজ বাড়িতে ফিরছিল। পথে স্থানীয় ফয়সাল, সুজন, নাঈম, সাব্বির ও সৈকত ছাত্রীটিকে জোর করে একটি ঘরে আটকে রাখে। পরে চার বন্ধুর সহযোগিতায় ফয়সাল শিশুটিকে ধর্ষণ করে। এরপর তারা ভয়ভীতি দেখিয়ে ছাত্রীটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ছাত্রীটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। ওই দিন রাতে ছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর তাঁরা ঘটনাটি স্থানীয় লোকজনকে জানান। পরদিন শুক্রবার এলাকার নাসির উদ্দিন নামের একজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি ছাত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে মামলা না করতে বলেন। এ জন্য ৫০ হাজার টাকাও দেওয়ার চেষ্টা করেন নাসির। এতে ছাত্রীর বাবা-মা রাজি না হওয়ায় তাঁদের নানা হুমকি দেওয়া হয়। এ সত্ত্বেও ওই দিন রাতেই তাঁরা মামলা করেন।

এ ব্যাপারে গতকাল শনিবার কথা বলার চেষ্টা করেও নাসির উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শিশুটির পরিবার সূত্র জানায়, গতকাল দুপুরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রেনেসা ইসলাম তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ছাত্রীটিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

চিকিৎসক রেনেসা ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্রীকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পর থেকে ওই পাঁচজনই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।