আয়ুর্বেদিক চিকিৎসক সেজে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ুর্বেদিক চিকিৎসক সেজে ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় পক্ষাঘাতগ্রস্ত এক রোগীকে চিকিৎসার নামে প্রতারণার ঘটনা ঘটেছে। কথিত ওই চিকিৎসক গত শনিবার রোগীর পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার হাসপাতাল সড়কের বাসিন্দা তরুণ চন্দ্র পাল তিন মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি নিজ বাসায় আছেন। ওই হাসপাতালের চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। গত শনিবার বেলা একটার দিকে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তরুণ চন্দ্রের বাসায় যান। সেখানে তিনি নিজেকে আয়ুর্বেদিক শাস্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দেন। সঙ্গে তাঁর একজন সহযোগীও ছিলেন। তরুণ পালকে ১০ দিনের মধ্যে হাঁটতে পারার মতো সুস্থ করে দিতে পারবেন বলে নিশ্চয়তা দেন রফিকুল। ওই দুজন ওষুধ তৈরির জন্য দামি কিছু উপকরণ কিনে আনতে বলেন। পরিবারের লোকজন তাঁদের কথামতো উপকরণ এনে দেন। কিন্তু সেগুলো কাজে লাগানো হয়নি। পরে রফিকুল তাঁর সহযোগীকে নিয়ে ওই বাসায় বসে ওষুধ প্রস্তুত করেন। এ জন্য তিনি ওই পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা নেন। বেলা আড়াইটার দিকে জরুরি কাজের কথা বলে দুজন বাইরে যান। এরপর থেকে তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
তরুণ পালের চাচাতো ভাই মিঠুন পাল বলেন, ‘রফিকুলের ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে দেওয়া মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। ভিজিটিং কার্ডে ঠিকানা দেওয়া আছে রাজধানীর মহাখালী এলাকার ১১ নম্বর সড়কের “জগজীবন আয়ুর্বেদিক”। তবে আমাদের এক আত্মীয় সেখানে ওই প্রতিষ্ঠানটির সন্ধান পাননি। তরুণ পালের পরিবার এ ঘটনায় আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।
গতকাল রোববার কথিত বিশেষজ্ঞ চিকিৎসকের দুটি মুঠোফোনের নম্বরে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।