ইঁদুর মারার ফাঁদে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় জমির মালিক আবদুস সাত্তার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুস সাত্তার মিয়ার বাড়ি নেছারাবাদের বলদিয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক আবদুস সাত্তার মিয়া ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ধানখেতের চারপাশে জিআই তারের বেষ্টনী দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের মো. রেজাউল (৩৫) ও তাঁর চাচাতো ভাইয়ের ছেলে ফরিদ মিয়া (১২) মাছ ধরার সময় খেতের ওই বেষ্টনীর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় গতকাল রোববার রেজাউলের বাবা ইয়াকুব আলী বাদী স্থানীয় থানায় আবদুস সাত্তারকে আসামি করে মামলা করেন।

নেছারাবাদ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী শাহনেওয়াজ বলেন, দুজনের মৃত্যুর ঘটনায় আবদুস সাত্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার প্রথম আলোয় ‘ইঁদুর মারা ফাঁদে চাচা-ভাতিজার মৃত্যু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।