সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটের প্রথম আদালতের বিচারিক হাকিম মো. আতিকুল হায়দার সিলেটের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের ওপর আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
আদালত গত বুধবারই মামলাটি আমলে নিয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, জেলা পরিষদ নির্বাচনে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনায় নিয়োগপ্রাপ্ত হয়ে আতিকুল হায়দার গত বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে বালাগঞ্জ ডিএন উচ্চবিদ্যালয়ে উপস্থিত হন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলা চেয়ারম্যানকে কেন্দ্রের ভেতরে উপস্থিত এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে ঠাট্টা-মশকরা করতে দেখলে তাঁর পরিচয় জানতে চান এবং ভোট দেওয়া হয়ে গেলে কেন্দ্র ছাড়ার জন্য বলেন। কিন্তু ভোট দেওয়া শেষ হওয়ার পরও তাঁর কথা না শুনে উপজেলা চেয়ারম্যান সেখানেই অবস্থান নেন। পুনরায় তাঁকে কেন্দ্র থেকে চলে যাওয়ার জন্য বললে উপজেলা চেয়ারম্যান তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তর্কাতর্কি করেন। একপর্যায়ে ইউএনও এবং আনহার মিয়াও তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আতিকুল হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আদালতে অভিযোগ দায়েরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্বরিকুল ইসলাম বলেন, ‘আদালত থেকে অভিযোগটি আমাদের কাছে এসে পৌঁছেছে।’ তবে ইউএনও এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের সঙ্গে উনার (মো. আতিকুল হায়দার) কী বিষয়ে তর্ক হয়েছে, সেটি আমি জানি না। আমি সেখানে মধ্যস্থতার জন্য গিয়েছিলাম। উনার সঙ্গে দুর্ব্যবহার করিনি।’
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া দাবি করেন, তিনি ভোট দেওয়ার জন্য কক্ষ থেকে বেরোনোর সময় তর্ক-বির্তক শুনে সেখানে যান। বিচারিক হাকিমের সঙ্গে তিনি কোনো আশালীন আচরণ করেননি।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দাল মিয়া বলেন, ‘আমি ভোট দিয়ে বেরোনোর সময় এক প্রার্থীর এজেন্ট আমার সঙ্গে হাত মেলান। এটি প্রত্যক্ষ করে তিনি (আতিকুল হায়দার) আমার পরিচয় জানতে চান। আমিও উনার পরিচয় জানতে চাই। এ সময় উনার সঙ্গে মৃদু তর্ক হয়। তবে উনার সঙ্গে কোনো বাজে আচরণ করিনি।’