ইউএনওকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর সরকারি বাসভবনে ডাকাতি করা হয়েছে। ডাকাতেরা নিজেদের চরমপন্থী বলে পরিচয় দেয়।
গতকাল রোববার ভোরের ওই ঘটনায় উপজেলা পরিষদ চত্বরের আবাসিক ভবনগুলোতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউএনও কে এম মামুন উজ্জামান জানান, দোতলায় তিনি স্ত্রী ফাহিমা খাতুন এবং দুই মেয়ে ফাতিহা জাহান নুহা (৬) ও মুনতাহা জাহান নওশিনকে (৪) নিয়ে বাস করেন। নিচতলায় একটি কক্ষে পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি রহিমা খাতুন ও অন্য একটি কক্ষে নৈশপ্রহরী মামুন হোসেন থাকেন। রোববার রাত তিনটার দিকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী তিনজন দুর্বৃত্ত দোতলার খাবারঘরের জানালার গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে। দুর্বৃত্তদের একজন চোখে টর্চলাইট মেরে ও গলায় অস্ত্র ধরে তাঁকে জিম্মি করে ফেলে। দুর্বৃত্তরা তাঁর (ইউএনওর) নিজের কোনো আগ্নেয়াস্ত্র আছে কি না জানতে চায়। অন্য দুজন সারা ঘর তল্লাশি করে নগদ সাত হাজার টাকা ও আড়াই ভরি সোনার গয়না নিয়ে যায়। দুর্বৃত্তরা নিজেদের চরমপন্থী দলের সদস্য বলে নিজেদের পরিচয় দেয়।
ইউএনও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা মর্যাদার ব্যাপার। উপজেলাবাসীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। যদি আমার বাড়িতে ডাকাতি হয়, সাধারণ মানুষের কী হবে?’
খবর পেয়ে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন ও পুলিশ সুপার মো. রশীদুল হাসানসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ইউএনওর বাসভবন পরিদর্শন করেছেন। সংরক্ষিত এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেন।
সদর উপজেলা পরিষদ চত্বরের সরকারি বাসভবনে ইউএনও ও আরও দুই কর্মচারী পরিবার নিয়ে বসবাস করেন। একই চত্বরে অবস্থিত ডরমিটরিতে আরও চারজন কর্মচারী বসবাস করেন। এ ছাড়া ইউএনও কার্যালয়সহ উপজেলা পর্যায়ের প্রায় সব কার্যালয় এই চত্বরে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।