ইউএনওকে চেয়ারম্যানের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া প্রকল্প বিলে স্বাক্ষর না করায় নেত্রকোনার বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন ওই হুমকি দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের কাজ শেষ না করেই ইউপি চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন কয়েক দিন ধরে ইউএনও ও পিআইওকে ভুয়া প্রকল্প বিলে স্বাক্ষর করার জন্য চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের জন্য নেত্রকোনার উদ্দেশে রওনা হন। তাঁকে বহনকারী গাড়িটি সকাল সাড়ে নয়টার দিকে বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের মোড়ে এলে কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ১০-১২ জন গাড়ির গতি রোধ করে ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে কাজী সাখাওয়াত বলেন, ‘আজই আমার বিলে স্বাক্ষর করে যেতে হবে, নতুবা পেট্রলবোমা মেরে আপনি ও আপনার গাড়ি পুড়িয়ে দেওয়া হবে।’ ইউএনও বিষয়টি মুঠোফোনে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সাখাওয়াত হোসেন লোকজন নিয়ে সটকে পড়েন।
কাজী সাখাওয়াত হোসেনের বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াহেদ বলেন, ‘ইউপির কাজ নিয়ে ইউএনওর সঙ্গে আমার ছেলের একটু কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি।’
কাজী সাখাওয়াত হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি।’
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, এ ঘটনায় কাজী সাখাওয়াত হোসেনসহ পাঁচজনকে আসামি করে ইউএনওর গাড়িচালক মো. আব্দুল খালেক গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন।