ইউএনওকে দেখে নেওয়ার হুমকি পৌর মেয়রের!
চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পৌর মেয়র দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ভোক্তা অধিকার বিষয়ে গণসচেতনতামূলক সেমিনার শেষে বিকেলে ইউএনও মুহাম্মদ আশ্রাফ হোসেন কচুয়া উত্তর বাজার মোড়ে খাসজমিতে নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়র নাজমুল ইউএনওর কাছে মুঠোফোনে জানতে চান, এ অভিযান পরিচালনা সম্পর্কে তাঁকে কেন অবহিত করা হয়নি। এ নিয়ে ইউএনওর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ সময় তিনি ইউএনওকে দেখে নেওয়ার হুমকি দেন।
পরে ওই দিন সন্ধ্যায় মেয়রের ভাই উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম অবৈধ দোকানমালিকদের জড়ো করে বাজারে সভা করেন। সভায় ইউএনওর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ইউএনওকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
হুমকির সত্যতা নিশ্চিত করে ইউএনও আশ্রাফ হোসেন প্রথম আলোকে বলেন, ২২ জুন বাজার এলাকা থেকে সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল ২৪টি দোকান উচ্ছেদ করেন। পরে দোকানদারেরা আবার দোকান নির্মাণ করেন। মেয়রের দুই ভাই খোরশেদ আলম ও মাসুদ আলম এসব দোকান নির্মাণ করে ভাড়া তোলেন। দোকানগুলো উচ্ছেদে গেলে তাঁরা প্রশাসনের বিরুদ্ধে দোকানদারদের লাগিয়ে দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসককে জানিয়েছেন।
তবে হুমকির অভিযোগ অস্বীকার করে মেয়র নাজমুল আলম বলেন, ‘আমি পৌর মেয়রের পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি পদে আছি। জনগণ আমাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। ইউএনও কচুয়া বাজারে এক সপ্তাহে তিনবার উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এ অভিযান প্রশ্নবোধক।’ কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, পৌর মেয়র না বুঝে ইউএনওর সঙ্গে রূঢ় আচরণ করেছেন। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে কাউকে জানানোর বাধ্যবাধকতা নেই।
গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, ইউএনওকে হুমকির প্রতিবাদে উপজেলা পরিষদের কর্মকর্তারা গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে দেখা করেন। এর প্রতিকার চান। তিনি বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।