ইউএনওকে হুমকি দেওয়ার অভিযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলা চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে অন্যরা সবাই সভাস্থলে উপস্থিত হন। তবে সভার সভাপতি শাহ মো. ফখরুল ইসলাম দেরি করছিলেন। এ অবস্থায় সাড়ে ১০টার দিকে সভাপতিকে ফোন করেন ইউএনও। বেলা ১১টার দিকে উপস্থিত সব সদস্য সভার কার্যক্রম শুরু না করেই চলে যান। বেলা সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউএনওর কক্ষে ঢুকে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ইউএনওকে প্রাণনাশের হুমকি দেন।
ইউএনও মো. সাইদুজ্জামান অভিযোগ করেন, চেয়ারম্যান আমার অফিসকক্ষে প্রবেশ করে উপস্থিত সবার সামনে আমাকে বলেন, “তুই এত সাহস কোথায় পেলি। তোকে আজ কাফনের কাপড় পরাব। এ কথা বলে তিনি পকেটে থাকা রিভলবারে হাত রেখে প্রাণনাশের হুমকি দেন। এ সময় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।