ইউএনওকে হয়রানি করতে গিয়ে ফেঁসে গেলেন ডিলার!
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কালো তালিকাভুক্ত সারের ডিলারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানকে হয়রানির অভিযোগ উঠেছে। ওই ডিলার কৌশলে তাঁর এক আত্মীয়ের স্বাক্ষর নিয়ে ইউএনওর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল বুধবার ওই ডিলারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জিল্লুর রহমান।
লিখিত অভিযোগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার মান্নান নগর থেকে ৬৫ বস্তা সার (ইউরিয়া ও পটাশ) পার্শ্ববর্তী পাবনার চাটমোহরে পাচার করা হচ্ছিল। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে জিল্লুর রহমান এসব সার আটক করেন। এ ঘটনায় ডিলার তাইবুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন উপজেলা কৃষি কর্মকর্তা। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তাইবুর। তিনি তাঁর আত্মীয় উপজেলার কোহিত গ্রামের আমজাদ হোসেনকে দিয়ে ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ এনে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ করেন। এর অনুলিপি গণমাধ্যমকর্মীদের কাছেও বিতরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আমজাদ এ বিষয়ে কিছুই জানেন না। এ ঘটনায় জিল্লুর রহমান গতকাল তাইবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
জিল্লুর রহমান বলেন, ‘সার পাচারের মামলায় আসামি হওয়ায় ওই ডিলারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করা হয়েছে। এ জন্য তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে হয়রানি করার জন্য অন্যকে দিয়ে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।’
আমজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘ইউএনওর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছুই জানি না। তাইবুর আমার কাছে সারের বিষয়ে একটি আবেদনে স্বাক্ষর নিয়েছিলেন। তাতে কী লেখা ছিল, আমাকে বলেননি।’
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যা ছয়টায় তাইবুরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’