ইউএনওকে 'অবাঞ্ছিত' ঘোষণা আ.লীগের
দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে তারা ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা করে।
এদিকে ইউএনও আজাহারুলের অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগ সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্থানীয় এক সংগঠনও লিখিত অভিযোগ দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউএনও আজাহারুলের অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষে আওয়ামী লীগ নেতারা ৬ জানুয়ারি জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেয়। এ ছাড়া তারা ৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। এদিকে ইউএনওর বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের অন্যান্য এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ আনে হাকিমপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমবায় সমিতি ও সাংস্কৃতিক একাডেমি। পরে এই একাডেমি তাঁর বিরুদ্ধে ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেয়।
হারুন উর রশীদ ও ওই একাডেমির সাধারণ সম্পাদক গ্রেগারী সরেন বলেন, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের অন্যান্য এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পে গত ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে যে পরিমাণ বরাদ্দ এসেছিল তার কোনো কাজই করেনি ইউএনও। ২০১২-১৩ অর্থবছরে চতুর্থ কিস্তির বরাদ্দ ছিল ১১ লাখ ৫ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থবছরে চতুর্থ কিস্তির বরাদ্দ ছিল ১৬ লাখ টাকা। বিধি অনুযায়ী প্রকল্পের টাকা ব্যবহার না হলে অর্থবছরের ৩০ জুনের মধ্যে তা ফেরত দেওয়ার কথা। কিন্তু ইউএনও তা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন।
২০১৫-১৬ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছিল ১৮ লাখ ৬৫ হাজার টাকা। যেসব খাতে এসব টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার প্রতিটি খাতের জন্য কমিটি গঠনের কথা থাকলেও ইউএনও তা না করে নিম্নমানের কাজ করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন। ইউএনও ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে ২০টি ল্যাটট্রিন করেছেন। নীতিমালা অনুযায়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনুমোদন ও ওই উপজেলার প্রচলিত ডিজাইন ও প্রাক্কলন অনুসারে তা নির্মাণের কথা। কিন্তু ইউএনও ওই নিয়ম মানেননি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রতিটি ২৫ হাজার টাকা মূল্যের নতুন রিকশা বিতরণ করার কথা থাকলেও ইউএনও নিম্নমানের ভ্যান কিনে বিতরণ করেছেন।
হারুন উর রশীদ বলেন, তিনি (হারুন উর রশীদ) বিজয় দিবস পালন কমিটির অর্থ উপকমিটির আহ্বায়ক ছিলেন। কিন্তু ইউএনও আজাহারুল তাঁকে কিছু না জানিয়েই ওই অনুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হিলি বাজারের খাস জায়গায় যেসব দোকান রয়েছে, ইউএনও তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে দোকান ভেঙে দেন। হাকিমপুরে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় তিনি অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। ফলে জমি খারিজ, পুকুর ইজারা, খাস জমি বিতরণসহ ভূমি কার্যালয়ের প্রতিটি কাজে ইউএনও মোটা অঙ্কের উৎকোচ নিচ্ছেন। এ ছাড়া অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে ভুয়া প্রকল্প ও ভুয়া শ্রমিক দেখিয়ে তিনি টাকা আত্মসাৎ করছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ইউএনওর কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই ১৪ জানুয়ারি সন্ধ্যায় দলের জরুরি সভায় ইউএনওকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অচিরেই ইউএনওকে বদলি করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আজাহারুল গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রতিটি কাজ নীতিমালা অনুযায়ী হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের টাকা উপজেলা প্রশাসনের সরকারি হিসাব নম্বরে জমা রয়েছে। অন্যায় দাবির সঙ্গে আপস না করায় তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।