ইউএনওর অপসারণ দাবিতে কার্যালয় ও বাসভবন ঘেরাও
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালের অপসারণ চেয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ আল মামুনের নেতৃত্বে স্থানীয় শতাধিক লোক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ইউএনওর কার্যালয় ও বাসভবন ঘেরাও করে রাখেন। এতে উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও যোগ দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ইউএনও সদর উপজেলায় যোগ দিয়েই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। উপায় না পেয়ে বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে গেছেন।
সকাল ১০টায় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। পরে হাতে ঝাড়ু ও জুতা নিয়ে তাঁরা ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। ইউএনও তখন কার্যালয়ে ছিলেন না। পরে তাঁরা তাঁর বাসভবনও ঘেরাও করেন। বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে ইউএনও বাসভবনে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
অপসারণ চাওয়ার কারণ জানতে চাইলে মাকসুদ আল মামুন বলেন, ‘আমাদের আন্দোলন একজন দুর্নীতিপরায়ণ ইউএনওর বিরুদ্ধে। তাঁকে পাশে রেখে কখনো উপজেলা পরিষদ স্বচ্ছভাবে চলতে পারে না।
অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, ‘এটি ভাইস চেয়ারম্যান মাকসুদ আল মামুনের ব্যক্তিগত পাওয়া না পাওয়ার বেদনার আন্দোলন। মামুন সাহেব স্থানীয় আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ে নির্বাচন না দিয়ে পকেট পরিচালনা পর্ষদ গঠন করতে চেয়েছিলেন। আমি দিইনি। এরপর থেকে তিনি আমার বিরুদ্ধে লেগেছেন।’