ইউএনওর ওপর হামলার ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউএনও মোহাম্মদ ইসমাইল কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। গতকাল বিকেলে পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের আয়োজন করার অভিযোগে গত মঙ্গলবার রাতে উপজেলার চরহাজারী বাজার এলাকায় আয়োজিত মেলা বন্ধ করে দেন ইউএনও। এ সময় মেলা আয়োজকদের লোকজন ইউএনওর ওপর হামলা চালান ও তাঁর গাড়ি ভাঙচুর করেন।
এদিকে উপজেলার বামনী এলাকায়ও বৈশাখী মেলার নামে অবৈধ মেলা বসিয়ে জুয়া, লটারি ও অশ্লীল নৃত্যানুষ্ঠানের আয়োজনের অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, গতকাল জেলা প্রশাসক তাঁকে মেলাটি বন্ধ করে দিতে বলেছেন। তিনি এরই মধ্যে মেলা কর্তৃপক্ষকে অবৈধ ওই মেলা বন্ধ করতে বলেছেন। আয়োজকেরা মেলা সরিয়ে না নিলে ভেঙে দেওয়া হবে।