ইউএনওর কর্মচারীর বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারী ভুয়া মালিকানার কাগজপত্র তৈরি করে সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়ে গণস্বাক্ষর-সংবলিত একটি অভিযোগ পৌর মেয়র ও ইউএনওকে দিয়েছেন স্থানীয় লোকজন।

অভিযোগে বলা হয়েছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর মৌজার ১১৬৬ খতিয়ানভুক্ত ৩১১ দাগের (অংশ) প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৬ শতক সরকারি জমিতে (পরিত্যক্ত তালিকার) তৎকালীন থানা সার্কেল কর্মকর্তার (রাজস্ব) পিয়ন মৃত মফিজ উদ্দীনবসবাস শুরু করেন। পরে মফিজ নিজ নামে ভুয়া দলিল প্রস্তুত করে ওই সম্পত্তির মালিকানা দাবি করেন। কিন্তু ভূসম্পত্তিটি সরকারি গেজেটে পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত থাকায় পৌর তহসিলদার এর ভূমি রাজস্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এখন মফিজের ছেলে আবদুস সালাম ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে কর্মরত থাকায় প্রশাসনের সহযোগিতা নিয়ে নিজ নামে জমিটির মালিকানা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া তিনি ওই জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবদুস সালাম বলেন, ‘আমার মালিকানার সপক্ষে মেয়র ও ফুলবাড়ী গণপূর্ত উপবিভাগের প্রকৌশলী প্রতিবেদন দিয়েছেন। ওই প্রতিবেদন দিনাজপুরের জেলা প্রশাসকের নেতৃত্বাধীন জেলা পরিত্যক্ত সম্পত্তি (বাড়িঘর) ব্যবস্থাপনা বোর্ডের ২০১৫ সালের ৬ মের সভায় উপস্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে প্রতিবেদনটি বোর্ডের পরবর্তী সভায় উত্থাপনের জন্য সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আমাকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

তবে পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন, আবদুস সালামের সরকারি সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণকাজের নকশা অনুমোদনের বিষয়টি তাঁর জানা নেই।

ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারি সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়ার পরপরই সালামকে নির্মাণকাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। তবে বর্তমানে সালাম কার নির্দেশে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন, তা আমার জানা নেই।’