ইউএনওর কাছে ছাত্রলীগের দুপক্ষের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় একুশের প্রথম প্রহরে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে দুই পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক অভিযোগ দিয়েছে।

চৌগাছা উপজেলায় ছাত্রলীগের পৃথক দুটি কমিটি রয়েছে। এক পক্ষের সভাপতি সুমন সরকার, অন্য পক্ষের সভাপতি ইব্রাহীম হোসেন। সুমন সরকার স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম ও ইব্রাহীম হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবের অনুসারী।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একুশের প্রথম প্রহরে চৌগাছা শাহদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে ছাত্রলীগের দুই পক্ষ উপস্থিত হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মিনারে ফুল দেয়। এরপর ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষের আগে ফুল দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে গোলযোগের একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি শুরু করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে গতকাল সকালে ইউএনওর কাছে অভিযোগ দেন ছাত্রলীগের এক পক্ষের নেতা ইব্রাহিম হোসেন। তিনি অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘সুমন সরকারের নেতৃত্বে ছাত্রলীগের নামধারী কয়েকজন আমাদের ওপর হামলা করেন। প্রতিবাদে আমরা রাতেই শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি।’

একই দাবি করে গতকাল বিকেলে অপর পক্ষের নেতা সুমন সরকার ইউএনওর কাছে অভিযোগ দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাইকে আমাদের নাম ঘোষণা করলে শহীদ মিনারে ফুল দিতে যাই। তখন ছাত্রলীগের অপর পক্ষের নেতা ইব্রাহিম হোসেনসহ ২০-২৫ জন আমাদের ওপর হামলা করেন।’

চৌগাছার ইউএনও নারগিস পারভীন প্রথম আলোকে বলেন, তিনি পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।