ইউএনওর কার্যালয় ও বাসায় ইটপাটকেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় একটি মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ ও ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমানকে বক্তব্য দিতে না দেওয়ার জের ধরে লোহাগড়া ইউএনওর কার্যালয় ও তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর রামনারায়ণ গণগ্রন্থাগার পরিদর্শন শেষে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. মোকতার হোসেন। সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বক্তব্য দেন। তবে স্থানীয় সাংসদকে প্রথমে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এ সময় তাঁর সমর্থকেরা প্রতিবাদ করলে সাংসদকে পরে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি বক্তব্য দেন। এ ঘটনার জের ধরে প্রায় পাঁচ শ লোক মিছিল নিয়ে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঢুকে ইউএনওর বিরুদ্ধে স্লোগান দেন। মিছিল থেকে তাঁরা ইউএনওর কার্যালয়, বাসা ও কর্মকর্তাদের বাসায় ইটপাটকেলও নিক্ষেপ করেন।
ইউএনও মো. মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপস্থাপকের ভুলে তিনি (সাংসদ) বাদ পড়েছিলেন। এর জের ধরে সাংসদের লোকজন এ ভাঙচুর চালিয়েছেন।’