ইউএনওর নির্দেশ উপেক্ষা করে মাছ লুট, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার কলাতলি চরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে মিয়া জমির শাহ আবাসন প্রকল্পের দিঘি থেকে মাছ লুটের সময় পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম বশিরুল্যাহ (৪০)। তিনি মনপুরা ইউনিয়নের কলাতলি চরের বাসিন্দা।
তবে মৃত ব্যক্তির স্বজনের অভিযোগ, সাঁতার না জানলেও তাঁকে জোর করে পানিতে নামানো হয়।
মিয়া জমির শাহ আবাসন প্রকল্পে বসবাসকারী সাত-আটজন নাম না প্রকাশের শর্তে বলেন, আবাসনে ৩০০ হিন্দু পরিবার থাকে। ঘর পাওয়ার পরে ঘরপ্রতি ২০০ টাকা করে ৬০ হাজার টাকা চাঁদা তুলে তাঁরা আবাসন প্রকল্পের দিঘিতে মাছ চাষ শুরু করেন। ওই মাছের বাজারদর বর্তমানে প্রায় ১০ লাখ টাকা। কিন্তু আবাসন প্রকল্প ও হিন্দু কল্যাণ সমিতির সভাপতি গোপাল চন্দ্র দাস গোপনে ৬০ হাজার টাকায় ওই মাছ জামসেদ মাঝি, আলমগীর মাঝি ও কুরবান আলী মাঝির কাছে বিক্রি করে দেন।
বিষয়টি জানতে পেরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি আবাসনবাসী ছাড়া অন্য কাউকে মাছ ধরতে নিষেধ করেন। এই নিষেধ উপেক্ষা করে গত রোববার ও গতকাল সোমবার কুরবান আলী পক্ষের লোকজন দিঘিতে মাছ ধরেন। গতকাল ভোরে মাছ ধরতে গেলে পুকুরে থাকা খুঁটিতে জাল আটকে যায়। এ সময় বশিরুল্যাহ জাল ছাড়াতে গিয়ে ডুবে মারা যান। পরে এলাকাবাসী সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে।
বশিরুল্যাহর শ্যালক মোস্তাফিজুর রহমান বলেন, জেলেরা তাঁর ভগ্নিপতিকে জোর করে দিঘিতে নামিয়েছেন। তিনি পেশায় একজন কৃষক। ভালো সাঁতার জানতেন না।
কুরবান আলী বলেন, তাঁরা দিঘির মাছ গোপাল চন্দ্র দাসের কাছ থেকে কিনেছেন। লুট বা জোর করেননি। রোববার তাঁদের মাছ ধরা শেষ হয়। গতকাল মাছ ধরার জন্য দিঘি চরবাসীর কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। বশিরুল্যাহ সে কারণেই মাছ ধরতে গিয়ে ডুবে মারা যান। তাঁকে জোর করে নামানো হয়নি। আর ইউএনওর নিষেধের ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও জানান।
হিন্দু কল্যাণ সমিতির সভাপতি গোপাল চন্দ্র দাস বলেন, তিনি মন্দির গড়ে তোলার জন্য ৬০ হাজার টাকায় মাছ বিক্রি করেছিলেন। কিন্তু ইউএনওর নিষেধাজ্ঞা সত্ত্বেও কুরবান আলী ও জামসেদ মাছ ধরেছেন। বশিরুল্যাহ কুরবান আলীর লোক।
ইউএনও এরশাদ হোসেন বলেন, দিঘি ও দিঘির মাছ আবাসনবাসীর জন্য। শুধু তাঁরাই ধরতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়েছিল।