ইউএনওর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কামরুল হাসানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা, অবহেলা ও অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলমডাঙ্গা উপজেলা ইউনিটের কমান্ডার সুলতান জোয়ারদার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতান জোয়ারদার বলেন, আহমেদ কামরুল হাসান আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান দেখিয়ে আসছেন। সারা দেশের মুক্তিযোদ্ধারা গত বৃহস্পতিবার তাঁদের ভাতার টাকা পেয়েছেন। কিন্তু ইউএনও প্রয়োজনীয় কাগজপত্রে সই করতে গড়িমসি করায় আলমডাঙ্গার মুক্তিযোদ্ধারা পাঁচ দিন পর গত সোমবার ভাতার টাকা পেয়েছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ত্রাণবিষয়ক কমান্ডার জিন্নাত আলী দুই মাস আগে মারা যান। ওই দিন সকাল নয়টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা করার কথা থাকলেও ইউএনও এক ঘণ্টা পর সেখানে পৌঁছান।
সুলতান জোয়ারদার অভিযোগ করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) নুর আলম মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধার সপক্ষে প্রমাণগুলো যাচাই-বাছাই করার জন্য গত এক মাসে দুই দফা পরিপত্র জারি করলেও ইউএনও কোনো উদ্যোগ নেননি। এলজিইডির তত্ত্বাবধানে ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন’ প্রকল্পের জন্য খাসজমির ব্যবস্থা করতে গত ১২ আগস্ট উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি ইউএনওকে চিঠি দেন। কিন্তু এ ব্যাপারেও ইউএনও কোনো উদ্যোগ নেননি।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ে গেলে তাঁর গোপন শাখার সহকারী জহিরুল ইসলাম বলেন, ইউএনও জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় আছেন। বিকেলে তাঁর (ইউএনও) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ত আছেন জানিয়ে পরদিন যোগাযোগ করতে বলেন।