ইউএনওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ মেয়রের
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের বিরুদ্ধে ভবানীগঞ্জ পৌরসভার মেয়রকে নির্বাচনে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সহযোগিতা না পেয়ে ইউএনওকে দেওয়া ঘুষের টাকা ফেরত চেয়েছেন মেয়র আবদুর রাজ্জাক।
তবে ইউএনও এ অভিযোগ অস্বীকার করেছেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আবদুর রাজ্জাক প্রামাণিক বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডলের কাছে হেরে যান।
ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের আগে বাগমারার ইউএনও তাঁকে নির্বাচনে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। এ জন্য তিনি দুই লাখ টাকা দাবি করেন। নির্বাচনের আগে তিনি ইউএনওর দাবি করা দুই লাখ টাকা দুই দফায় পরিশোধ করেন। তবে নির্বাচনের দিনে তিনি কোনো প্রশাসনিক সহযোগিতা পাননি। ওই দিন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার করলেও ইউএনও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগমতে, ইউএনওর তাঁর পক্ষে যেভাবে কাজ করার কথা ছিল, তাও করা হয়নি। নির্বাচনের পর এ বিষয়ে কৈফিয়ত চাইলে তিনি টাকা ফেরত দিতে চেয়েছেন।
পাঁচ মাস আগে (৫ আগস্ট) ইউএনও তরিকুল ইসলাম সিলেটের বিভাগীয় কমিশনারের দপ্তরে বদলি হন। সম্প্রতি তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিলে মেয়র আবদুর রাজ্জাক তাঁর কাছে ঘুষের টাকা ফেরত চান। এ জন্য তিনি গত বুধবার দুপুরে ইউএনওর দপ্তরে গেলে পরের দিন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। মেয়র বিষয়টি তাৎক্ষণিকভাবে চার-পাঁচজন সংবাদকর্মীকে জানান।
গতকাল বৃহস্পতিবার টাকা ফেরত না দিয়ে ইউএনও রাজশাহীর জেলা প্রশাসকের দপ্তরে একটি সভায় যোগ দিতে চলে যান। যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম জানান, তিনিও ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে তিনি ইউএনওর দপ্তরের অফিস সহকারীর মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইউএনওর দপ্তরের এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে ইউএনওকে দেওয়ার জন্য মুসা নামের এক ব্যবসায়ী মেয়র আবদুর রাজ্জাকের পক্ষে ৩০ হাজার টাকা দিয়েছিলেন। পরে তিনি ওই টাকা ইউএনওকে দিয়েছেন। তবে সেটা কিসের টাকা, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।
ইউএনও তরিকুল ইসলাম বলেছেন, ‘আমার বিরুদ্ধে তো অনেক কথাই বলা হচ্ছে। আমি যদি টাকা নিতাম, তা হলে আওয়ামী লীগের প্রার্থী জিতল কীভাবে। যদি টাকা দেওয়া হয়, তা হলে তার প্রমাণ দেওয়া হোক।’