ইউএনওর মুঠোফোন নম্বর 'ক্লোন' করে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে মন্ত্রণালয়ের কর্মকর্তার মাধ্যমে সরকারি বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে এক ইউপি চেয়ারম্যানের কাছে ফোন করে তাঁর দেড় লাখ টাকা নিয়ে গেছে এক প্রতারক। আরও কয়েকজন ইউপি চেয়ারম্যান ওই প্রতারকের ফাঁদে পড়লেও রক্ষা পেয়েছেন।
এ ঘটনা ঘটেছে গত রোববার ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। পুলিশ গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত প্রতারককে শনাক্ত করতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর থেকে প্রতারণার শিকার হওয়া ওই ইউপি চেয়ারম্যানকে ফোন করে তাঁর এলাকার জন্য ২০০ মেট্রিক টন চাল ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়। চেয়ারম্যান রাজি হলে ফোনদাতা রেজাউল করিম নামের একজনের ফোন নম্বর দিয়ে তাঁকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্বোধন করে যোগাযোগ করতে বলেন।
ইউপি চেয়ারম্যান ওই নম্বরে যোগাযোগ করলে তাঁর কাছে দুই লাখ টাকা চান ওই কথিত সরকারি কর্মকর্তা। পরে দর-কষাকষির একপর্যায়ে দেড় লাখ টাকায় রফা হয়। সে অনুযায়ী কথিত কর্মকর্তার দেওয়া কয়েকটি বিকাশ নম্বরে দেড় লাখ টাকা পাঠান ইউপি চেয়ারম্যান।
প্রতারণার শিকার ইউপি চেয়ারম্যান বলেন, ইউএনওর সরকারি নম্বরটি তাঁর মুঠোফোনে সংরক্ষণ করা ছিল। তাঁর মুঠোফোনে কলটি আসার পর পর্দায় ইউএনওর নামটি ভেসে ওঠায় ঘটনাটি তাঁর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছিল বলে জানান তিনি।
ওই দিন বিকেলে ইউএনওর ওই সরকারি নম্বর থেকে ফোন পান উপজেলার ২ নম্বর মোয়াজ্জেমপুর ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, তাঁর মুঠোফোনে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটি ছিল নান্দাইলের ইউএনওর সরকারি নম্বর। পরে ইউএনওর নম্বর থেকে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। তবে ওই সময় তিনি বাসা থেকে অনেকটা দূরে অবস্থান করছেন জানালে ফোনদাতা টাকা পাঠানোর জন্য তাঁকে কিছুটা সময় দেন। তখন তিনি দ্রুত নান্দাইলে ইউএনওর কার্যালয়ে এসে টাকা জোগাড়ের জন্য বাসার নম্বরে ফোন করার চেষ্টা করেন। কিন্তু মুঠোফোনে ভুল চাপ পড়ে কলটি কথিত ইউএনওর নম্বরে যায়। তখন ওই নম্বর থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি নান্দাইলে এসেছেন কি না।
সিদ্দিক তখন ফোনদাতাকে জানান, তিনি তো ইউএনওর কার্যালয়েই আছেন। এ কথা বলার পর ফোনদাতা সংযোগ কেটে দিয়ে ফোনটি বন্ধ করে দেন। ইউপি চেয়ারম্যান বলেন, এ ঘটনার পর থেকে অনেকবার ফোন করেও কথিত ইউএনওর ফোনটি খোলা পাননি।
খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইলের ইউএনওর সরকারি মুঠোফোনটি এখন ওই পদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) তামীম আল ইয়ামীনের কাছে। যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঘটনাটি জানার পর তিনি থানার ওসিকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রতারিত ইউপি চেয়ারম্যান ঘটনাটি তাঁকে জানানোর পর তিনি তাঁকে আইনগত প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ দিয়েছেন। তবে তিনি কথিত মুঠোফোন নম্বরটির মালিকের অবস্থান ও এটির মালিকানা যাচাই করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নম্বরটি দিয়েছেন।