ইউএনওর মুঠোফোন সিম ক্লোন করে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকারের মুঠোফোনের সিম ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গত সোমবার বিকেলে ইউএনও সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজস্ববিষয়ক এক সভা ছিল। সকাল ১০টা থেকে শুরু হয়ে এ সভা চলে বেলা ১টা পর্যন্ত। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাপ্তরিক অন্যান্য কাজে ইউএনও বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। এদিকে ইউএনওর মুঠোফোন সিম ক্লোন করে এ সময়ের মধ্যে সরকারি বিভিন্ন কর্মসৃজন প্রকল্পে (টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প) বিশেষ বরাদ্দ দেওয়ার নামে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র। নবগ্রাম ইউপির চেয়ারম্যান রাকিব হোসেনের কাছ থেকে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন ইউএনও। পরে তিনি জিডি করেন।
ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, সোমবার বেলা তিনটার দিকে তাঁর মুঠোফোনে ইউএনওর নম্বর থেকে ফোন আসে। এরপর অপর প্রান্ত থেকে জানানো হয়, তিনি ডিসি স্যারের সঙ্গে মিটিংয়ে আছেন। টিআর ও কাবিখার বরাদ্দ এসেছে। বিশেষ বরাদ্দ নিতে চাইলে প্রতি টন চালের জন্য এক হাজার টাকা দ্রুত একটি নম্বরে বিকাশ করতে হবে। তিনি আরও বলেন, পরে তিনি ইউএনওকে ফোন দেন।
ইউএনও মুহাম্মদ শাহাদত খন্দকার বলেন, একটি প্রতারক চক্র এ কাজ করেছে। ইউপি চেয়ারম্যানদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।
সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।