ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে ঘুষ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোনের নম্বর ক্লোন (হুবহু নকল) করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে ঘুষ দাবি করা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অন্তত সাতজন ইউপি চেয়ারম্যানের কাছে ফোন এসেছে।
একজন চেয়ারম্যান দাবি করেছেন, তিনি ছয়টি বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠিয়েছেন। এ ঘটনায় গতকাল ইউএনও মোহাম্মদ অতুল মণ্ডল মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়েছে, রোববার ইউএনওর দাপ্তরিক মুঠোফোন নম্বর ব্যবহার করে তাঁর পরিচয় দিয়ে মনিরামপুর সদর ইউপির চেয়ারম্যান নিস্তার ফারুককে কথা বলার জন্য একটি ব্যক্তিগত মুঠোফোন নম্বর দেওয়া হয়। নিস্তার ফারুক ওই মুঠোফোন নম্বরে কল করলে ইউএনওর আত্মীয় পরিচয় দিয়ে প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছে প্রথমে ৮০ হাজার এবং পরে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। তিনি ছয়টি বিকাশ নম্বরের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা দিয়েছেন। পরে নিস্তার ইউএনওর মুঠোফোন নম্বরে ফোন করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ইউএনওর দপ্তরে এসে বিষয়টি খুলে বলেন। ইউএনও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, উপজেলার সব ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানির গ্রাহক সেবা কেন্দ্রে বিষয়টি জানান। গতকালও একইভাবে ভোজগাতী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান, হরিহরনগর ইউপি চেয়ারম্যান গাজী আবদুস সাত্তার, মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এবং নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাতের মুঠোফোনে ফোন করে ঘুষ দাবি করা হয়। তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে জানান।
চেয়ারম্যান নিস্তার ফারুক বলেন, ‘আমার মুঠোফোনে ইউএনওর দাপ্তরিক মুঠোফোন নম্বর সেভ করা আছে। ওই নম্বর থেকে আমাকে অন্তত চারবার কল করে টাকা দাবি করা হয়। ইউএনওর আত্মীয় পরিচয়ে আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয়। সেই টাকা বিকাশের মাধ্যমে দিয়েছি। আমি একটি চক্রের প্রতারণার শিকার হয়েছি।’
ভোজগাতী ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘ইউএনও পরিচয় দিয়ে মুঠোফোনে টাকা চাওয়া ব্যক্তির কণ্ঠস্বর অন্য রকম মনে হওয়ায় তাকে ধমক দিই। সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দেয়।’
ইউএনও মোহাম্মদ অতুল মণ্ডল বলেন, ‘আমার দাপ্তরিক মুঠোফোনের সিমটি আমার কাছেই আছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। জিডি করার পরও আজ (গতকাল) সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট অপারেটর নম্বরটি বন্ধ করেনি। আজ (গতকাল) বিকেলে ওই নম্বর থেকে এক চেয়ারম্যানের কাছে প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ চাওয়া হয়েছে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন বলেন, ‘একটি চক্র প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা যথাযথ পদ্ধতি অনুসরণ করে বিষয়টি উদ্ঘাটন এবং প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’