ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারণা!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহানের ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করে এবার টাকা দাবির ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় ওই নম্বর থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী অরুণের নম্বরে একাধিকবার ফোন করে জরুরি প্রয়োজনের কথা বলে ২০ হাজার টাকা চাওয়া হয়।
কিন্তু কণ্ঠে ভিন্নতা ও বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলায় ভাইস চেয়ারম্যানের সন্দেহ হয়। বিষয়টি যাচাই করতে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনওর অন্য একটি নম্বরে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ওই ঘটনায় ইউএনও আজাদ জাহান গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভাইস চেয়ারম্যান কাজী অরুণ প্রথম আলোকে জানান, রোববার সন্ধ্যায় ইউএনওর ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে তাঁর (ভাইস চেয়ারম্যানের) মুঠোফোনে ফোন করে জরুরি প্রয়োজনে ২০ হাজার টাকা দাবি করা হয়। ওই ২০ হাজার টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও (০১৮৬৯৪১৫৮৪১) দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য ৬টা ১৪ থেকে ৬টা ২৭ মিনিট পর্যন্ত অপর প্রান্ত থেকে ১৩ মিনিটে অন্তত চারবার ফোন করা হয়। কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর আলাদা হওয়ায় এবং টাকা চেয়ে বারবার ফোন করায় তাঁর মনে সন্দেহ হয়। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, শীতজনিত ঠান্ডার কারণে কণ্ঠস্বর পাল্টে গেছে।
ভাইস চেয়ারম্যান বলেন, ‘ব্যাপারটি সন্দেহজনক হওয়ায় ওই সময় ইউএনওর আলাদা নম্বরে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাই। ইউএনও জানান, তিনি কোনো ফোন করেননি এবং টাকাও দাবি করেননি।’
ইউএনও আজাদ জাহান তাঁর মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই বিব্রতকর। ভাইস চেয়ারম্যান তাৎক্ষণিক যাচাই করে ভালো করেছেন। কোনো সাধারণ মানুষের নম্বর এভাবে ক্লোন করে কোথাও টাকা দাবির ঘটনা ঘটলে ওই ঘটনায় থানা-পুলিশ হতো এবং নিরীহ মানুষ হয়রানির শিকার হতো।’
আলমডাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান জানান, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল ইউএনওর জিডির বিষয়টি তদন্ত করছেন।
এ ব্যাপারে জানতে গতকাল সোমবার মেহেদী রাসেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।