ইউএনওর মুঠোফোন নম্বর দিয়ে প্রতারণার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে একাধিক ইউপি চেয়ারম্যানের কাছে ফোন করে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রতারক চক্র তাঁদের উন্নয়নকাজ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করেছে।

ইউপি চেয়ারম্যানদের সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার পর থেকে এক ঘণ্টার ব্যবধানে চারজন ইউপি চেয়ারম্যানকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে একটি প্রতারক চক্র। কথিত ফোনদাতা নান্দাইলের ইউএনওর পরিচয় দিয়ে চার ইউপি চেয়ারম্যানকে বলেন, চাহিদামতো অর্থ দিলে সরকারি বরাদ্দ পাইয়ে দেওয়া হবে। ২০১৬ সালেও একই প্রক্রিয়ায় একাধিক চেয়ারম্যানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারক চক্র।

উপজেলার চণ্ডীপাশা ইউপির চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঁইয়া বলেন, গতকাল দুপুর ১২টা ৩৭ মিনিটে তাঁর মুঠোফোনে ইউএনওর সরকারি মুঠোফোন নম্বর থেকে ফোন আসে। তিনি ফোন ধরলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি ইউএনও বলছি।’ কথিত ইউএনও তাঁকে জানান, টনপ্রতি ১ হাজার ৫০০ টাকা খরচ দেওয়া হলে তাঁর ইউনিয়নের জন্য অতিরিক্ত ২০০ মেট্রিক টন জিআর বরাদ্দ দেওয়া যাবে। এমদাদুল হক ফোনদাতার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এরপর প্রায় এক ঘণ্টার মধ্যে একে একে মোয়াজ্জেমপুর ইউপির চেয়ারম্যান মো. এ বি সিদ্দিক, গাঙ্গাইল ইউপির চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান ও শেরপুর ইউপির চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিনের কাছে ফোন দেয় প্রতারক চক্র।

শেরপুর ইউপির চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন বলেন, তাঁর কাছে যখন ইউএনওর পরিচয় দিয়ে ফোন আসে, তখন তিনি নান্দাইলের ইউএনওর কাছে বসা ছিলেন। ফোনদাতার প্রশ্নের উত্তরে তিনি ইউএনওর কাছে বসা জানালে সঙ্গে সঙ্গে সংযোগটি কেটে দেওয়া হয়।

এ বিষয়ে নান্দাইলের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ফোনদাতা কাউকে প্রতারণার ফাঁদে ফেলতে পারেনি। তিনি এই ফোনের বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। এ বিষয়ে নান্দাইল থানায় জিডি করা হয়েছে।

 নান্দাইল থানার (ওসি) মো. ইউনুস আলী বলেন, থানায় জিডি করা হয়েছে। প্রতারক চক্রকে চিহ্নিত করার জন্য পুলিশের প্রযুক্তি বিভাগে বার্তা পাঠানো হয়েছে।