ইউএনওর মুঠোফোন নম্বর 'ক্লোন' করে চাঁদা দাবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খানের মুঠোফোন নম্বর (০১৭৬৮৪৩৪৪০৭) ‘ক্লোন’ করে গত বুধবার দুর্বৃত্তরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে গত শুক্রবার ইউএনও ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।
উপজেলার গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ ও সাগরনাল ইউপির চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, ইউএনওর মুঠোফোন থেকে বুধবার তাঁদের কাছে ফোন আসে। এ সময় অপর প্রান্ত থেকে টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প বরাদ্দ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে কণ্ঠস্বর শুনে তাঁদের সন্দেহ হয়। পরে ইউএনওর কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি ভুয়া বলে তাঁরা নিশ্চিত হন। পরে নিজের ফেসবুক আইডিতে শুক্রবার একটি স্ট্যাটাস দেন ইউএনও। ওই স্ট্যাটাসে তিনি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, দু-তিন দিন আগে বিভিন্ন ইউপির চেয়ারম্যান তাঁর কার্যালয়ে যোগাযোগ করে মুঠোফোনে তাঁদের কাছে চাঁদা দাবির বিষয়টি তাঁকে জানান। পরে বিষয়টি তিনি জেলা প্রশাসক ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ ছুটিতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম গতকাল শনিবার সকালে মুঠোফোনে বলেন, এ ব্যাপারে ইউএনওর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।