ইউএনওর সই জাল করায় অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও স্বাক্ষর জাল করায় সোনাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউএনও কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, কলেজটির পরিচালনা কমিটির মেয়াদ গত বছরের ৬ ডিসেম্বর শেষ হয়। সরকারি বিধি অনুযায়ী, ওই কমিটির সভাপতি ছিলেন ইউএনও। সে সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিদুল ইসলাম সরকার নিয়োগ-সংক্রান্ত পাঁচটি রেজল্যুশনে সভাপতির স্বাক্ষর জাল করেন। সম্প্রতি নতুনভাবে কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্রের তিনটি স্থানে ইউএনওর স্বাক্ষর জাল করেন। বিষয়টি নজরে এলে ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ ৬ ফেব্রুয়ারি অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। এই পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তাঁর জবাব দেন অধ্যক্ষ। এ ঘটনায় গতকাল ইউএনও কার্যালয়ে ডাকা সভায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। জানতে চাইলে খোন্দকার ফরহাদ আহমদ প্রথম আলোর কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।