ইউএনওর সই জাল করে নামজারির অভিযোগ
কুমিল্লার হোমনা উপজেলায় দুলাল চন্দ্র ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে একটি মসজিদের জায়গার নামজারি করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দক্ষিণ পাড়ায় ১১১৫ দাগে ১২ শতক জায়গায় নূর জামে মসজিদ নির্মাণ করেন স্থানীয় লোকজন। ওই জায়গা ২০১৩ সালে মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন জমির মালিক মো. আবদুল্লাহ। একই বছর এর পাশে ১১১৩ দাগে ২৫ শতক জমির মধ্যে আরও ১২ শতক মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন জমির মালিক মো. আবদুল্লাহ। গত সোমবার ১১১৩ দাগের মোট ২৫ শতক জায়গা ভুয়া নামজারির মাধ্যমে দুলাল চন্দ্র ঘোষ বিক্রির চেষ্টা করেন। এ সময় ভুয়া নামজারির বিষয়টি ধরা পড়ে।
মো. আবদুল্লাহ বলেন, ‘দুলাল চন্দ্র ঘোষের নেতৃত্বে একটি চক্র রামকৃষ্ণপুর দক্ষিণ পাড়া নূর জামে মসজিদের ২৫ শতক জায়গার ভুয়া দলিল এবং নামজারি করে গত সোমবার বিক্রির চেষ্টা করে। আমরা বিষয়টি ওই দিনই ইউএনও স্যারকে লিখিতভাবে জানাই। পরে ইউএনও স্যার কাগজপত্র দেখে নামজারিতে তাঁর সই নেই বলে জানান। এ সময় তিনি (ইউএনও) দুলাল চন্দ্র ঘোষসহ তাঁর চক্রের সদস্যদের আটক করতে বলেন স্থানীয় লোকজনকে। পরে চক্রের সদস্যরা বিষয়টি টের পেয়ে পালিয়ে যান।’
চান্দেরচর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের কার্যালয় থেকে ১১১৩ দাগে দুলাল চন্দ্র ঘোষের নামে কোনো নামজারি বা খাজনা আদায়ের রসিদ দেওয়া হয়নি।’
এ ব্যাপারে দুলাল চন্দ্র ঘোষের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
ইউএনও আহমেদ জামিল বলেন, ‘আমার স্বাক্ষর জাল করে ভুয়া নামজারির কাগজ তৈরি করেছে একটি চক্র। তবে কিছুদিন আগে এ বিষয়ে নামজারির একটি প্রস্তাব এসেছিল, তা বাতিল করে দেওয়া হয়েছিল। এ ছাড়া খাজনা রসিদ ও ডিসিআরে যে নম্বর দেখা যাচ্ছে, তাও ভুয়া। এমন কোনো নম্বরই আমাদের ডিসিআরের নথিতে নেই। সবকিছু দেখে থানায় জানিয়ে দেব। আর সাব-রেজিস্ট্রারকে বলে দিয়েছি যাতে দলিলটি রেজিস্ট্রি না করা হয়।’