সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তা ছাড়া পিস্তল তাক করে হত্যার হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণির কক্ষে গত মঙ্গলবার তিনটার দিকে উপজেলার প্রকল্পবিষয়ক সভা শুরু হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে আবদুল গণি চেয়ারম্যানের দেহরক্ষী হিসেবে পরিচিত আমিনুর রহমান ওরফে বাবু ও মিজানুর রহমান ওরফে মামুন তাঁর ওপর হামলা করেন। তাঁরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। এ সময় মিজানুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পিস্তল নিয়ে তাঁকে গুলি করতে উদ্যত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি তখন মিজানুরকে নিবৃত্ত করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত দুজন বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানকে যেভাবে মারধর করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এটা খুব ন্যক্কারজনক ঘটনা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, তিনি সভার সদস্য নন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনও তাঁকে সভায় থাকতে বলেছিলেন। এ কারণে তিনি সভাস্থলে যান। উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। যেভাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে মারধর করা হয়েছে তা অন্যায় ও দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি আরও বলেন, প্রকল্প নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান ও কয়েকজন ইউপি চেয়ারম্যানের বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে তাঁর ধারণা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি বলেন, একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। ঘটনার পরপরই তিনি ও ইউএনও বসে মিটিয়ে দিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য গত মঙ্গলবার ইউএনও হাফিজ আল আসাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী কামাল বলেন, সভা চলাকালে গন্ডগোল হয়েছিল বলে তিনি শুনেছেন। পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি।