ইউএনওর সামনেই কমিশন চাইলেন অফিস সহকারী
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই অফিস সহকারী এক সাংবাদিকের কাছে কমিশন চেয়েছেন। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের বিলের চেক আনতে গেলে তিনি ওই কমিশন চান।
এ ঘটনার প্রতিকার চেয়ে দৈনিক যুগান্তর-এর কসবা উপজেলা প্রতিনিধি বোরহান মো. ইনয়ামুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনওর কার্যালয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কসবার ইউএনওর কার্যালয়ের মাধ্যমে ১৪২২ বাংলা সনের হাট-বাজার ইজারার একটি বিজ্ঞাপন যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। গতকাল দুপুরে ওই বিজ্ঞাপন বিলের চেক সংগ্রহ করতে ইনয়ামুল ইসলাম ইউএনওর কার্যালয়ে যান। এ সময় তিনি অফিস সহকারী গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর কাছে ওই চেকের জন্য কমিশন দাবি করেন। পরে বিষয়টি ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলামকে জানালে তিনি কিবরিয়াকে তাঁর কক্ষে ডেকে নেন। এ সময় তিনি ইউএনওর সামনেই কমিশন চান।
ইনয়ামুল ইসলাম অভিযোগ করেন, বিজ্ঞাপন বিলের চেকের জন্য অফিস সহকারী গোলাম কিবরিয়ার কাছে গেলেই তিনি বলতে থাকেন তাঁকে কত টাকা কমিশন দেবেন। এ নিয়ে তাঁর কার্যালয়ে কয়েকবার গেলেও তিনি বারবার কমিশন চান। কমিশন না দেওয়ায় তিনি চেকটি আটকে রাখেন।
অফিস সহকারী গোলাম কিবরিয়া বলেন, ‘যুগান্তর পত্রিকার সাংবাদিক বিজ্ঞাপনের চেকটি পেলে তিনিও তো কমিশন পাবেন। উনার কাছ থেকে আমাকেও কমিশন দিতে বলেছি। কিন্তু কমিশনের জন্য চেক আটক করে রাখিনি।’
কসবার ইউএনও আরিফুল ইসলাম বলেন, অফিস সহকারী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।