ইউএনওর স্বাক্ষর জাল মাদ্রাসা সুপার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার সকালে পুলিশ মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে।
এর আগে বৃহস্পতিবার ইউএনওর অফিস সহকারী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা সালাম জিডি দায়ের ও সুপার আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চকরহমত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ছাত্র ফিরোজ হোসেন (রোল নং-৪১১৯১৫, রেজিস্ট্রেশন নম্বর-১২১৮৮৯৩১৪০) চলতি দাখিল পরীক্ষায় ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার প্রথম দিন ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে যে ছবি লাগানো ছিল, সেটির সঙ্গে তার চেহারার কোনো মিল পাননি কক্ষ পরিদর্শকেরা। কেন্দ্রসচিব মতিউর রহমান ইউএনওকে বিষয়টি জানান। গত ২৬ ফেব্রুয়ারি মাদ্রাসা সুপার ইউএনওর সরকারি মনোগ্রাম ব্যবহার করে একটি সুপারিশপত্র নিজে বানিয়ে ইউএনও হোসেন আহমেদের স্বাক্ষর জাল করে মাদ্রাসা বোর্ডের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বরাবর প্রেরণ করেন। ইউএনওর কার্যালয় থেকে স্মারকবিহীন সুপারিশপত্র আসায় তিনি সন্দেহ করেন। মাদ্রাসা বোর্ডের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে স্বাক্ষর জাল করে সুপারিশপত্র পাঠানোর বিষয়টি ধরা পড়ে। পরে ইউএনও ওই সুপারিশপত্রটি মাদ্রাসা বোর্ড থেকে ফ্যাক্সে তাঁর দপ্তরে নিয়ে দেখেন, তাঁর নামে যে স্বাক্ষর করা হয়েছে, তা জাল। এ ব্যাপারে ইউএনওর অফিস সহকারী ইয়াছিন আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার ধামইরহাট থানায় একটি জিডি করেন।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় একটি সুপারিশপত্র তাঁর প্রতিষ্ঠানের সভাপতি আবদুর রশিদকে দেন। আবদুর রশিদ ইউএনওর স্বাক্ষর সংগ্রহ করেন।