দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ কার্যালয়ে ইউএনওর কক্ষে গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হানউপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি বুধবার বিকেলে ইউএনও তরফদার মাহমুদুর রহমানের কক্ষে যান। এ সময় ইউএনও দাপ্তরিক কাজ করছিলেন। কক্ষে ঢুকেই পূর্বের একটি বিষয় নিয়ে তিনি ইউএনওর সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে শফিকুর ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁর পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। এ অবস্থায় ইউএনও পার্বতীপুর মডেল থানার পুলিশকে ফোন করেন। তাৎক্ষণিকভাবে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইউএনও বলেন, তিনি এ ঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসনকে অবগত করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ইউএনও তরফদার মাহমুদুর ও প্যানেল চেয়ারম্যান শফিকুরের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। এর জেরেই বুধবারের ওই ঘটনা ঘটেছে। গত জুন মাসে কয়েকটি প্রকল্পে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার বিশেষ বরাদ্দ আসে। এসব প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তখন ইউএনওর সঙ্গে ফোনে প্যানেল চেয়ারম্যানের কথা-কাটাকাটি হয়েছিল।
ঘটনার বিষয়ে শফিকুর রায়হান বলেন, সাত দিন ধরে ফোন দিলেও ইউএনও তা ধরছিলেন না। এর কারণ জানতে বুধবার তিনি ইউএনওর কক্ষে গিয়েছিলেন। কিন্তু ইউএনও তাঁর সঙ্গে অসদাচরণ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়।
তবে জুন মাসের ঘটনার বিষয়ে জানতে চাইলে শফিকুর রায়হান প্রথম আলোকে বলেন, ‘কাজ না করেই ওই প্রকল্পগুলোর বরাদ্দ লুটপাট করা হয়েছিল। বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে আমার ফোনে কথা-কাটাকাটি হয়। তখন আমি পিঠের চামড়া তুলে নিব, অমুক-তমুক ইত্যাদি বলেছিলাম।’