পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল বিক্রির জন্য তালিকা প্রণয়ন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এতে খাদ্যবান্ধব এই কর্মসূচি শুরুতে বিলম্ব হওয়ায় তালিকা প্রণয়ন কমিটির সভাপতি, ইউএনওসহ চারজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা।
মামলার আসামিরা হলেন তালিকা প্রণয়ন কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুল হক ও জেলা খাদ্য কর্মকর্তা মো. ফারুক হোসেন।
উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্র জানায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বাউফলের ১৫টি ইউনিয়নের হতদরিদ্র ১৯ হাজার ২৩২ পরিবার ১০ টাকা কেজি দরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাবে। দাশপাড়া ইউনিয়নের ১ হাজার ২৫১টি উপকারভোগী পরিবারের তালিকা চূড়ান্ত করেছে এ জন্য গঠিত কমিটি। তবে কমিটির সভাপতি সোহেল রানা এতে স্বাক্ষর না করায় কর্মসূচি শুরু করা যাচ্ছে না। এ ঘটনায় দাশপাড়া ইউপির ১০ জন সদস্য বৃহস্পতিবার পটুয়াখালীর সহকারী জজ আদালতে মামলা করেন।
দাশপাড়া ইউপির সচিব ও তালিকা প্রণয়ন কমিটির সদস্যসচিব মো. রাজ্জাক হাওলাদার বলেন, ‘সভাপতি ওই তালিকা থেকে ২০০ সুবিধাভোগীর নাম বাদ দিয়ে তাঁর পছন্দমতো ২০০ জনের নাম অন্তর্ভুক্ত করতে বলেন। কমিটির অন্য সদস্যরা তাতে দ্বিমত পোষণ করায় সমস্যার সৃষ্টি হয়েছে।’
ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এন এন জাহাঙ্গীর হোসেন বলেন, সোহেল রানার খামখেয়ালিপনার কারণে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করতে বিলম্ব হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
তবে সোহেল রানা বলেন, অনেক দরিদ্র পরিবারের মানুষ ১০ টাকার চাল পেতে তাঁর কাছে এসেছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি তালিকা হয়ে গেছে বলে তাঁকে জানিয়ে দেন। এ কারণে তিনি বলে দিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া তিনি তালিকায় স্বাক্ষর করবেন না।
ইউএনও আল মাহমুদ জামান বলেন, যেহেতু মামলা হয়েছে, এখন আদালতের সিদ্ধান্ত পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।