ইউজিসি কার্যালয়ে কেন্দ্র খুলে বসেছিল জালিয়াত চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার‌্যালয়ে জালিয়াতির কেন্দ্র খুলে বসেছিলেন তাঁরা। বিচারক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে মেডিকেলে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি করে পাস করিয়ে দিতে চুক্তিবদ্ধ হতেন তাঁরা। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার‌্যালয়ে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন ইউজিসির সহকারী পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) ওমর সিরাজ, জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভান্ডাররক্ষক রেজাউল করিম ও তাঁদের সহযোগী ঈশান ইমতিয়াজ।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, এই চক্রটি জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, কৃষি ব্যাংকের কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগের পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। তাদের কাছ থেকে ২০১৪ সালের সহকারী জজ নিয়োগ পরীক্ষার ২৩টি উত্তরপত্র, একই পরীক্ষার দুটি প্রশ্নপত্র, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল, বিভিন্ন ব্যাংকের চেক বই, নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের কর্মকর্তারা জানান, এই চক্রটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করিয়ে দিতে ১৫ লাখ টাকা, জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ দিতে ১০ লাখ ও কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের জন্য ছয় লাখ টাকা করে নিত।
এদিকে গত রাতে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেডিকেল কলেজের ভর্তির কোনো কাজে ইউজিসি কোনোভাবে সম্পৃক্ত নয়।’
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোহাব্বত খান প্রথম আলোকে বলেন, ওমর সিরাজের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কৃতকর্ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।
র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছে, এই জালিয়াত চক্রটির নেতা ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ। তিনি ইউজিসি কার‌্যালয়ের উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে, এর সঙ্গে আরও কিছু যন্ত্রপাতি বসিয়ে জালিয়াতির কাজ করে যাচ্ছিলেন। ভর্তি বা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে মূলত তিন ধাপে জালিয়াতি করা হতো। প্রথম ধাপে বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে কিছু শিক্ষার্থীকে পরীক্ষার হলে পাঠানো হতো। তাঁদের কাজ পরীক্ষার প্রশ্নপত্র বাইরে অপেক্ষমাণ চক্রের সদস্যদের কাছে পাচার করা। দ্বিতীয় ধাপে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দ্বিতীয় দলটি দ্রুত প্রশ্নগুলোর সমাধান ওমর সিরাজের কাছে পাঠিয়ে দিত। এরপর তৃতীয় ধাপে ওমর সিরাজ আরও কিছু লোকের সাহায্যে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করতেন। এ জন্য তিনি চীন থেকে উন্নত প্রযুক্তির যোগাযোগসামগ্রী আমদানি করেছেন। ক্রেডিট কার্ডের মতো দেখতে মুঠোফোন ও অতিক্ষুদ্র ব্লুটুথ হেডফোন (যা কানের ভেতর লুকিয়ে রাখা যায়) ব্যবহার করে ইউজিসি কার‌্যালয় থেকে শিক্ষার্থীদের একযোগে উত্তর জানিয়ে দেওয়া হতো।
এ ছাড়া জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ পরীক্ষায় সরাসরি চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের উত্তরপত্র বের করে ওই নামে নতুন উত্তরপত্র পূরণ করে জমা দেওয়া হতো। এ রকম ২৩টি উত্তরপত্র গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। জুডিশিয়াল সার্ভিসের কন্ট্রোলারের ব্যক্তিগত কর্মকর্তা নাজিম ও ভান্ডাররক্ষক রেজাউল করিম এই কাজটি করতেন। তাঁরা চুক্তিবদ্ধ পরীক্ষার্থীর আসল উত্তরপত্রটি বের করে নিয়ে ওমর সিরাজকে দিতেন। এরপর ওমর সিরাজ আরেকটি নতুন উত্তরপত্র তৈরি করে তা আবার ওই দুজনের মাধ্যমে জায়গামতো জমা দিতেন।
র‌্যাব-৪-এর পরিচালক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, এই কায়দায় ওমর সিরাজ তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনকে জুডিশিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় পাস করানোর চেষ্টা করেছেন। সাবিনার আসল উত্তরপত্রটি গতকাল তাঁর বাসায় পেয়েছে র‌্যাব। সাবিনার খাতাটি আনার পর নতুন করে উত্তরপত্র লিখে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন ওমর সিরাজ।