বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না নিয়ে ১২৩ জন শিক্ষক নিয়োগ দিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানান উপাচার্য আবদুল হাকিম সরকার। কমিটি বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও কোনো সুপারিশ করেনি। সংসদ ভবনে গতকাল সরকারি প্রতিষ্ঠান কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য নাভানা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে উপাচার্য এ তথ্য জানান। তবে এসব নিয়োগ আগের উপাচার্য এম আলাউদ্দিনের সময়ে হয়েছে। শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও একই কায়দায় নিয়োগ দিয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬২ কোটি টাকার অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় বলেছে, ইউজিসির নিয়মনীতি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সে জন্যই এসব আপত্তি উত্থাপিত হয়েছে।
বৈঠকে ছাত্রদের চারটি ও ছাত্রীদের তিনটি হলের তালিকা লিখিতভাবে উল্লেখ করা হয়। এতে দেখা গেছে, ছাত্রদের হলের নামের তালিকায় ১ ও ২ নম্বর অবস্থানে আছে সাদ্দাম হোসেন হল ও জিয়াউর রহমান হল। ক্রমিকের ৩ নম্বরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম। ছাত্রীদের হলের তালিকায় ১ নম্বরে উল্লেখ করা হয়েছে খালেদা জিয়া হলের নাম। ৩ নম্বরে শেখ হাসিনা হলের নাম।
বৈঠক সূত্র জানায়, বঙ্গবন্ধু হলের নাম ৩ নম্বরে থাকায় কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আবদুর রউফ ও নাভানা আক্তার।