ইউনাইটেড হাসপাতালে রোগীকে যৌন হয়রানির ঘটনায় মামলা
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন হয়রানির ঘটনায় ওই হাসপাতালের সেবক (স্টাফ নার্স ) সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত নির্দেশ দেওয়ার পর গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ মামলাটি করে। তবে আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের প্রশাসন ও নিরাপত্তা শাখার ব্যবস্থাপক মেজর (অব.) মোহাম্মদ মইনুল হোসেন এ মামলাটি করেন। এতে সাইফুল ইসলামকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রোগীকে যৌন হয়রানির ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর তা আমলে নেন হাইকোর্ট। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে যৌন নির্যাতনের ওই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।
প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে সম্প্রতি যৌন নির্যাতন করেন সাইফুল। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুলকে বরখাস্ত করে।