ইউনাইটেডে রোগীকে যৌন হয়রানির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন হয়রানির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত হাসপাতালের স্টাফ নার্সকে (পুরুষ) গ্রেপ্তারে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত নির্দেশের পর গতকাল বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ মামলাটি করেন। তবে আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের প্রশাসন ও নিরাপত্তা (অ্যাডমিন অ্যান্ড সিকিউরিটি) শাখার ব্যবস্থাপক মেজর মোহাম্মদ মইনুল হোসেন এ মামলাটি করেছেন। মামলায় স্টাফ নার্স সাইফুলকে আসামি করা হয়েছে। মামলার সময় দেখানো হয়েছে বিকেল সাড়ে চারটা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোগীকে যৌন হয়রানির ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর তা আমলে নেন হাইকোর্ট। পরে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্টের একটি বেঞ্চ অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতের হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে যৌন নির্যাতনের ওই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়।

পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন স্টাফ নার্স সাইফুল। এই অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে সাইফুলকে কেবল বরখাস্ত করে।