ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুরের কলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য সেবাকেন্দ্রে গতকাল রোববার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের লোকজনের হামলায় চারজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত চারজন হলেন মঞ্জুর রহমান (৩০), ইয়ামিন হোসেন (১৮), রিপন হোসেন (৩২) ও তাঁর ভাই স্বপন হোসেন (৩০)। ইয়ামিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে ভিজিডি কার্ড নিয়ে কলিয়া ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে সিদ্দিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সিদ্দিকুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যান। এরপর বিকেল সাড়ে চারটার দিকে সিদ্দিকুর ও তাঁর ছেলে রুবেল হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন লাঠিসোঁটা নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা চালান। এতে জাকির হোসেনের পক্ষের চারজন আহত হন। এরপর হামলাকারীরা ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের দরজা, একটি কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়।
জাকির হোসেন বলেন, সিদ্দিকুরকে এর আগেও বেশ কয়েকটি ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। এরপরও তিনি আরও একটি কার্ড দাবি করে আসছিলেন। তবে যাঁর জন্য কার্ড দাবি করা হয়, তিনি পাওয়ার যোগ্য নন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে লোকজন নিয়ে তিনি হামলা চালান এবং তথ্য সেবাকেন্দ্রের কম্পিউটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাঙচুর করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুল হক। তিনি বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা হামলা করেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।