ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে খাজনা হিসাবে আদায়ের দুই লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আত্মসাৎ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় গত ২০১২ সাল থেকে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি গত ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৪ সালের ২৬ অক্টোবর পর্যন্ত পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভূমি কর (জমির খাজনা) বাবদ আদায় করা এক লাখ ৯৮ হাজার ৯২১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভূমি মন্ত্রণালয় ফেনীর হিসাব তত্ত্বাবধায়ক মো. আবদুর রশিদ ওই পূর্ব চন্দ্রপুর ভূমি কার্যালয় পরিদর্শন করে অভিযোগের সত্যতা দেখতে পান। তিনি ভূমি রাজস্ব (খাজনা) বাবদ আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় নিজে আত্মসাৎ করেছেন মর্মে লিখিতভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবুল হাসেমকে জানান।
পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়কে গতকাল বুধবার বিকেলে তাঁর মুঠোফোনে সরকারি টাকা আত্মসাতের বিষয়টি জানতে চাওয়া হলে তিনি তাঁর কার্যালয়ে কোনো ধরনের সমস্যা নেই বলে ফোন কেটে দেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবুল হাসেম এ প্রসঙ্গে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় কর্তৃক প্রায় দুই লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাসেম বলেন, তাঁকে আত্মসাৎকৃত সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা জমা দিলেও তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।