বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে মারধরের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে মাহিলাড়া ও গৌরনদী বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও মাহিলাড়া ডিগ্রি কলেজে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হারিছুর রহমানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই পুলিশসহ ২০ জন আহত হয়।
পৌর মেয়রের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের নেতা আকবর হোসেন ওরফে ফারুক বলেন, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিকল জিসিসি সড়ক থেকে মাহিলাড়া হয়ে কালীবাজার পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৪ কোটি ১০ লাখ টাকার কাজের কার্যাদেশ পাওয়ার পর তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদার আমিনুল হক গতকাল প্রকল্প এলাকা দেখতে বের হন। সকাল সাড়ে আটটার দিকে মাহিলাড়া বাসস্ট্যান্ডের সামনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈকত গুহ ওরফে পিকলু নিজ সমর্থকদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান। সৈকত গুহর দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আকবর হোসেনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে হারিছুর রহমানের নেতৃত্বে তাঁর দেড় শতাধিক সমর্থক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে এসে মাহিলাড়া ইউনিয়ন পরিষদে ব্যাপক ভাঙচুর করেন। হামলাকারীরা একে একে মাহিলাড়া ডিগ্রি কলেজসহ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন।