ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধাকে মারধর
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে নুর মোহাম্মদ (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। লাঠি দিয়ে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে তাঁকে আহত করার পর কার্যালয়ের শৌচাগারে আটকে রাখা হয়। সেখান থেকে কোনোরকমে বের হয়ে তিনি স্বজনদের এ ঘটনা জানান।
মারধরের শিকার ওই মুক্তিযোদ্ধা বলেন, জয়পুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য আনোয়ারুজ্জামান, দফাদার আব্দুল্যাহ ও ইউনিয়ন যুবলীগ নেতা টিপু সুলতান এ ঘটনায় জড়িত। এর মধ্যে আবুল কাশেম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আহত মুক্তিযোদ্ধাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার মাহবুব আলম বলেন, হামলার ঘটনাটি খুবই ন্যক্কারজনক। বিষয়টি তদন্তে তাঁরা তিন সদস্যের একটি কমিটি করেছেন।
নুর মোহাম্মদের বাড়ি ওই ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, সম্প্রতি তিনিসহ কয়েকজন মুক্তিযোদ্ধা উত্তর জয়পুর ইউনিয়নের ভুয়া মুক্তিযোদ্ধাদের একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান তাঁর ওপর ক্ষুব্ধ হন।
এই মুক্তিযোদ্ধা বলেন, গতকাল বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান তাঁকে কার্যালয়ে ডেকে আনেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তাঁর সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে তাঁকে গালমন্দ করতে থাকেন চেয়ারম্যান। তিনি প্রতিবাদ করলে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ারুজ্জামান পরান, যুবলীগের নেতা টিপু সুলতান, দফাদার আব্দুল্যাহ তাঁকে মারধর করতে থাকেন। পরে তাঁকে ইউপি কার্যালয়ের টয়লেটে (শৌচাগার) আটকে রাখা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ার হোসেন বলেন, মুক্তিযোদ্ধার হাত, পা ও ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, নুর মোহাম্মদের বিরুদ্ধে কৃষি অফিসের জমি দখলের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে ইউপি কার্যালয়ে ডেকে আনা হয়। জমি দখলের বিষয়ে জানতে চাইলে নুর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর দিকে তেড়ে এলে উপস্থিত লোকজন প্রতিরোধ করে। তিনি বলেন, ‘আমি তাকে (মুক্তিযোদ্ধা) মারধর করিনি, তবে তাকে নিরাপত্তা দিতে একটি কক্ষে আটক করে রাখি। ওই কক্ষ থেকে তুলাগাছ বেয়ে পালিয়ে যাওয়ার সময় তুলাগাছের কাঁটায় আহত হয়েছে বলে জানতে পেরেছি।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বলেন, ‘বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা নির্যাতিত হবেন—এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। আর এ কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধাবান্ধব সরকারের একজন দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নুর মোহাম্মদসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধাদের একটি তালিকা কিছুদিন আগে তাঁর কাছে দিয়ে যান। মুক্তিযোদ্ধাকে মারধর করার কথা তিনি শুনেছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ নেওয়াজ বলেন, হাসপাতালে গিয়ে মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁর পরিবারের লোকজনকে মামলা করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।