ইউপি কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব হস্তান্তরের চিঠি দেওয়া হলেও হাজির হননি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী। বরং তিনি ইউপি কার্যালয়ে তালা দিয়ে ঢাকায় চলে গেছেন। এ অবস্থায় গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের তালা খোলার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে হাটিলা পূর্ব ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন মিয়াজীকে হারিয়ে জয়ী হন দলের বিদ্রোহী প্রার্থী জলিলুর রহমান মির্জা ওরফে দুলাল।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল সকাল ১০টায় জলিলুর রহমান ও সদস্যরা ইউপি কার্যালয়ে যান। জলিলুর রহমান বলেন, ‘ইউএনওর কার্যালয় থেকে দায়িত্ব গ্রহণের চিঠি পেয়ে সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছিলাম। সকালে কার্যালয়ে তালা ছিল। আমরা ভেতরে ঢুকতে পারিনি। বেলা একটার পর হাড়িয়াইন আড়ং বাজারে গিয়ে একটি দোকানে বসে পরিষদের প্রথম সভা করেছি। বেলা সাড়ে তিনটায় ইউএনও সাহেব কার্যালয়ে যাওয়ার জন্য আহ্বান করেন। পরে সেখানে তিনি আমাদের দায়িত্ব বুঝিয়ে দেন।’